স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। নিতম্বের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক লিটন কুমার দাস।
শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে টস করতে এবং বাংলাদেশের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করতে প্রস্তুত ছিলেন লিটন। তবে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান তিনি। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে। এই বাঁহাতি ২০২৫ সালের জুলাইয়ে সর্বশেষ ৫০ ওভারের ফরম্যাটে খেলেছিলেন।
বিসিবির ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান জানান, শুক্রবার (১৬ অক্টোবর) ডান নিতম্বের জয়েন্টে ব্যথার কথা জানান লিটন। এরপর তার এমআরআই করানো হয়। পরীক্ষার প্রতিবেদনে জয়েন্টে সমস্যা ধরা পড়ে, যার কারণে ত্রিদেশীয় সিরিজে খেলা সম্ভব হচ্ছে না তার।
বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বায়েজিদুল বলেন, 'লিটন কুমার দাস গতকাল তার ডান হিপের জয়েন্টে ব্যথার কথা জানিয়েছিলেন। আমরা এমআরআই করিয়েছি এবং প্রতিবেদনে ডান হিপের জয়েন্টে সমস্যা দেখা গেছে।'
তিনি আরও বলেন, 'আজও সে ফিটনেস পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা করেছে, যাতে খেলার সুযোগ আছে কি না বোঝা যায়। তবে সে আমাদের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না।'
লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ওয়ানডের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।
এদিকে জ্বরের কারণে স্টেডিয়ামে না এসে হোটেলে অবস্থান করলেও ত্রিদেশীয় সিরিজ থেকে মেহেদী হাসান মিরাজকে এখনই বাদ দিচ্ছে না বিসিবি।
এর আগে ক্রিকবাজ জানিয়েছিল, জ্বরে আক্রান্ত হওয়ায় অনুশীলনের সময় মেহেদীকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।
ওই কর্মকর্তা বলেন, 'মেহেদী তিন দিন ধরে জ্বরে ভুগছে। এ কারণে আজকের (জিম্বাবুয়ের বিপক্ষে) ম্যাচে সে খেলতে পারছে না। তবে তাকে এখনই বাদ দেওয়া হচ্ছে না। আমরা আশা করছি, ত্রিদেশীয় সিরিজের কোনো এক পর্যায়ে সে সুস্থ হয়ে ফিরবে, যদি না তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে।'
ত্রিদেশীয় সিরিজে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।