রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:২৮:১৮

নতুন রেকর্ড আর্জেন্টাইন মহাতারকার

নতুন রেকর্ড আর্জেন্টাইন মহাতারকার

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ক্লাবের জার্সিতে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। এবার তার জোড়া গোল ও একটি অ্যাসিস্টে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় রোববার (১৮ অক্টোবর) ভোরে আটালান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৫৬তম মিনিটে নিজের প্রথম গোল করার পর ৬০তম মিনিটে ব্যবধান বাড়ান তিনি। দুই গোলেই সহায়তা করেন জেরেমি বার্তেরামে। শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আটালান্টা।

এই জয়ে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন মেসি। লিগের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার, যিনি এই রেকর্ড গড়লেন। চলতি মৌসুমে ২৫ গোল ও ১৫ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন মায়ামি অধিনায়ক।

পেশাদার ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা এখন ৯৩৬। চলতি মৌসুমে তার অবদান ৪০ গোলে। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৪৯ গোলে অবদান রাখার রেকর্ডটি কার্লোস ভেলার। মেসির সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগও রয়েছে। মৌসুমে মায়ামির বাকি চার ম্যাচ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।