স্পোর্টস ডেস্ক : আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও মাহি খান।
আগেই জানা গিয়েছিল, অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন রোনান সুলিভান। এবার তাকে রেখেই সাফের দল ঘোষণা করল বাফুফে। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নজর কাড়েন এই তরুণ ফুটবলার। ওই আসরে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানের জয় এনে দেন রোনান। এ ছাড়া গ্রুপপর্বে একটি গোলে সহায়তা করার পাশাপাশি ভারতের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারেও গোল করেন তিনি।
রোনানের সঙ্গে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসিতে খেলা মাহি খানও। চলতি মৌসুমে সাত ম্যাচে নয়টি গোল করেছেন এই ফুটবলার। এর আগে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
বাংলাদেশের মাটিতে আগামী ৫ নভেম্বর শুরু হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এরপর ১১ নভেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্রুপপর্বের খেলা। দুই গ্রুপ থেকে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের দুটি ম্যাচ। আর টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ১৭ নভেম্বর।
বাংলাদেশ স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান ও মাহি খান।