বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ০৯:২০:৩৩

অনন্য এই কীর্তি গড়তে মুশফিকের দরকার ৪৩ রান

অনন্য এই কীর্তি গড়তে মুশফিকের দরকার ৪৩ রান

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম।

আগামীকাল থেকে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামার আগে অনন্য এই কীর্তি গড়তে ৪৩ রান প্রয়োজন জাতীয় দলের সাবেক এই অধিনায়কের।

২০০৫ সালে ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১০৬ টেস্টের ১৯৫ ইনিংসে ৩৯.০৮ গড়ে ৬৯৫৭ রান করেছেন মুশফিক। 

টেস্ট ক্যারিয়ারে ৩টি ডাবল-সেঞ্চুরির সাথে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ-সেঞ্চুরি আছে ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যানের।

ইতোমধ্যে দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার অনন্য কীর্তি গড়েছেন মুশফিক। গেল বছর মিরপুরে আয়ারল্যান্ড সিরিজের শততম টেস্ট খেলতে নামেন তিনি। 

শততম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে জায়গা করে নেন মুশফিক। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন মুশফিক। 

টেস্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ ম্যাচ খেলেছেন মুশফিক। ২৭ ইনিংসে ১ শতক ও ৩ অর্ধশতকে ৭৮২ রান করেছেন তিনি। ব্যাটিং গড়- ৩১.২৮।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।