স্পোটর্স ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল (মঙ্গলবার)। যেখানে খুলনা বনাম ময়মনসিংহ ম্যাচে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল। তাদের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে ব্যাট নিয়ে তেড়ে যাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন খুলনার ওপেনার এনামুল হক বিজয়।
ম্যাচের শেষ দিনে ময়মনসিংহ বিভাগের ক্রিকেটার মাহফিজুল ইসলাম রবিনের দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে যান বিজয়। যা আচরণবিধির ২.১.৩ ধারার আওতাভুক্ত। এই ধারায় ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণ এবং খেলায় অসম্মানজনক পরিস্থিতি তৈরির বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়।
অপরাধের গুরুত্ব ও পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ম্যাচ অফিসিয়ালরা। গতকাল শুনানির পর ৪ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয় বিজয়ের নামের পাশে। ক্রিকেটীয় আইন অনুযায়ী এনসিএলের পরবর্তী রাউন্ডে খেলতে পারবেন না তিনি।
এদিকে, রবিনেরও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই ম্যাচে ভিন্ন ঘটনার জন্য খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুনসহ আরও ২ ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ করেছিলেন ম্যাচ রেফারি সৈয়দ আদিল আহমেদ।
ইনিংসের দ্বিতীয় ওভারে ৩ বল করার পর আসাদউল্লাহ হিল গালিব উঠে যান। স্লিপে দাঁড়িয়ে স্ট্রাইক প্রান্তে থাকা খুলনার আরেক ওপেনার আজিজুল হাকিমকে স্লেজিং (উত্যক্ত) করতে থাকেন রবিন। তবে সেটা পছন্দ হয়নি অন্য প্রান্তে থাকা বিজয়ের।
একপর্যায়ে মেজাজ হারান বিজয়, তেড়ে যান রবিনের দিকে। পরে ময়মনসিংহের অন্য ফিল্ডাররা এসে থামালে শান্ত হন বিজয়। খানিক পর আবার তেড়ে যান রবিনের দিকে। এভাবে বেশ কয়েকবার ছুটে যান পরস্পর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ওই সময় ফিল্ডারকে উদ্দেশ্য করে অশালীন ভাষাও ব্যবহার করেন বিজয়।
এই ঘটনায় ম্যাচ অফিশিয়ালরা লেভেল-টু চার্জ আনেন তার বিরুদ্ধে। গতকাল শুনানির পর এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বিজয়। রবিনের জরিমানা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ। অর্থাৎ ১৫ হাজার টাকা। ম্যাচটিতে ময়মনসিংহের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় খুলনা।