শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ০৩:০০:৪১

নিজের ডেটিং লাইফ নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

নিজের ডেটিং লাইফ নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি। 

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনটাকে নতুন ছন্দে সাজিয়ে নিয়েছেন তিনি। জীবনে নতুন কোনো পুরুষের আগমন ঘটেছে কিনা, সেই প্রশ্নের উত্তরে প্রথমে নিজেকে সিঙ্গেল দাবি করলেও পরক্ষণেই এমন একটি মন্তব্য করেছেন, যা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি নিজের একমাত্র ছেলে ইজহানকে নিয়েও কথা বলেছেন সানিয়া।

সম্প্রতি ঘনিষ্ঠ বান্ধবী তথা বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ৩৯ বছর বয়সি সানিয়া। সেখানেই আড্ডার ছলে অঙ্গদ তাকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু কি কখনো তাকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন? এর উত্তরে সানিয়া মজার ছলে জানান, কফি ডেটের পরিবর্তে তাকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কারণ তার পুরুষ বন্ধুরা তাকে নিজেদের দলেরই একজন সদস্য হিসেবে দেখেন এবং অনেকটা ছেলেদের মতোই তার সঙ্গে ব্যবহার করেন।

আড্ডার মাঝেই ফারাহ খান জানান, তার পুরুষ বন্ধুরা মাঝেমধ্যেই তাকে ফোন করে জানতে চান সানিয়া সত্যিই সিঙ্গেল কিনা। এর উত্তরে সানিয়া স্পষ্ট জানিয়ে দেন, তিনি বাস্তবিকই সিঙ্গেল। তবে কথোপকথন সেখানেই থেমে থাকেনি। অঙ্গদ ফের প্রশ্ন করেন, কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তার মনে হয় না? 

তখন ফারাহ মজা করে বলেন, সানিয়া যে এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন!

প্রথমে বান্ধবী ফারাহর কথায় সায় দেন সানিয়া। তারপরই হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! এই মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে ওঠে, যদিও পরক্ষণেই তিনি স্পষ্ট করে দেন যে নিছক মজা করেই এমন কথা বলেছেন এবং তিনি এখনও সিঙ্গেলই রয়েছেন।

বিনোদন ও ক্রীড়াজগতে সানিয়া মির্জা এবং ফারাহ খানের গভীর বন্ধুত্বের কথা কারও অজানা নয়। বিভিন্ন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় বারবার একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন তারা। সানিয়া একসময় জানিয়েছিলেন, জীবনের কঠিন সময়ে ফারাহ তার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি সানিয়ার পডকাস্টেও অতিথি হিসেবে এসেছিলেন ফারাহ, যেখানে দুজনের এই নিবিড় বন্ধুত্বের ঝলক স্পষ্টভাবে ফুটে উঠেছিল।

উল্লেখ্য, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া। হায়দরাবাদে বিয়ের পর দুবাইয়ে সুখের সংসার পেতেছিলেন তারা এবং ২০১৮ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক। কিন্তু দীর্ঘ প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব।

বিচ্ছেদের পর বর্তমানে ছেলে ইজহানকে নিয়েই নিজের জীবন এগিয়ে নিয়ে চলেছেন সানিয়া। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, তার ছেলে ইজহানও টেনিস খেলে। যদিও মায়ের মতো টেনিসের প্রতি ছেলের বিশেষ কোনো আগ্রহ নেই, তবে সামগ্রিকভাবে খেলাধুলোর প্রতি ইজহানের বেশ ঝোঁক রয়েছে বলেই জানিয়েছেন গর্বিত মা। সূত্র: গালফ নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।