শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১১:০৩:৫৪

গুঞ্জন সত্যি হলো, আর্জেন্টিনায় খেলতে ফিরছেন লিওনেল মেসি

গুঞ্জন সত্যি হলো, আর্জেন্টিনায় খেলতে ফিরছেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : শুরুটা ছিল গুঞ্জন হিসেবে, যদিও কিলি গঞ্জালেজ নিজেই স্বীকার করেছিলেন, ‘খুব ভালো সম্ভাবনা আছে।’ ইন্টার মায়ামি কোচের সেই বক্তব্য অবশেষে সত্যি হলো। আর্জেন্টিনায় খেলতে ফিরছেন লিওনেল মেসি।

রিভার প্লেট তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিশ্চিত করেছে, ১৯ জানুয়ারি তারা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মায়ামিকে স্বাগত জানাবে। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আবারও বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ফিরছেন মেসি।

গত ৬ অক্টোবর দর্শক-সমর্থকদের সামনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। বেনিনের বিপক্ষে রাতটি স্মরণীয় করে রাখেন পেনাল্টি থেকে গোল করে। কিন্তু আর্জেন্টিনার মাটিতে সেটাই তার শেষ ম্যাচ নয়।

রিভার প্লেটের বিপক্ষে মায়ামির ম্যাচ চূড়ান্ত হওয়ার কারণে মেসি প্রথমবার আর্জেন্টিনার মাটিতে ক্লাব ম্যাচ খেলতে যাচ্ছেন। লা বোম্বোনেরায় হুয়ান রোমান রিকেলমে ও কোলোসো মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে অংশ নিলেও মেসি কখনও তার দল বার্সেলোনা, পিএসজি কিংবা মায়ামির হয়ে দেশের মাটিতে খেলেননি।

আর্জেন্টিনায় ক্লাবের কোনো ম্যাচ না খেললেও রিভার প্লেটের মুখোমুখি হওয়া মেসির জন্য প্রথমবার নয়। ২০১৫ ক্লাব বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন তারকা বার্সেলোনার জার্সিতে তাদের মুখোমুখি হন। মেসির একটি ও লুইস সুয়ারেজের জোড়া গোলে জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে ৩-০ গোলে জেতে কাতালানরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।