শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৩:৩২

ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস

ছক্কা মারার নতুন ইতিহাস, সৃষ্টি হলো নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬। শুরুটা ভালো করেও উইকেট ছুড়ে দিয়ে এসেছেন ভারতীয় ব্যাটাররা। তালিকায় রয়েছেন ঋষভ পন্থও। তবে ব্যর্থতার দিনেও নতুন রেকর্ড গড়লেন টিম ইন্ডিয়ার এই তারকা উইকেটকিপার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকসকে টপকে উঠে এলেন শীর্ষে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রেকর্ড গড়েন পন্থ। ২৫তম ওভারে জ্যাকব ডাফির দ্বিতীয় বলটি লং-অনের উপর দিয়ে ছক্কা মারেন তিনি। এতেই টপকে যান বেন স্টোকসকে। টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন পন্থের দখলে। মাত্র ৪৪টি টেস্ট খেলে ৭৬টি ইনিংসে ৮৯টি ছক্কা মেরেছেন তিনি।

অনেকটা সময় কম নিয়েছেন বেন স্টোকসের চেয়ে। স্টোকস এই নজির গড়েছিলেন ৬৪টি টেস্টে। ১১৭টি ইনিংসে ৮৮টি ছক্কা মেরেছিলেন। তার চেয়ে ২০টি টেস্ট ও ৪১টি ইনিংস কম খেলে ৮৯টি ছক্কা মেরে শীর্ষে উঠে এলেন পন্থ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮টি টেস্টে এখন পর্যন্ত ১৬টি ছক্কা মেরেছেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। কিউইদের বিপক্ষে পন্থের চেয়ে বেশি ছক্কা রয়েছে একমাত্র হরভজন সিংয়ের—১৭টি।

শুধু ছক্কার রেকর্ড নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বোচ্চ রানস্কোরারও পন্থ। এখনও পর্যন্ত ৪৪ ম্যাচে ৩০৯৯ রান করেছেন তিনি। গড় ৪৩.০৪, স্ট্রাইক রেট ৭৪-এর বেশি। সাতটি সেঞ্চুরি ও ১৮টি অর্ধশতরানও রয়েছে। তবে দ্বিতীয় টেস্টে শুরুটা ভালো করেও নজর কাড়তে পারেননি পন্থ। জ্যাকব ডাফির একটি ফুল লেংথ ডেলিভারিতে এগিয়ে এসে ছক্কা মারতে যান। তবে ব্যাটে-বলে সঠিক সংযোগ না হওয়ায় ক্যাচ দিয়ে বসেন কাইল জেমিসনের হাতে। ৩৯ বলে ২৩ করে ড্রেসিংরুমে ফেরেন তিনি।

প্রথম ইনিংসে ৩৫৬ রান তোলে নিউজিল্যান্ড। ৫ উইকেট নেন আকাশ দীপ। জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১১৬ রানে ধুঁকছে ভারত। শূন্য রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। বড় রান পাননি কেএল রাহুল (২৫) ও দেবদত্ত পাডিক্কল (২১)। চাপের মুখে ব্যর্থ অধিনায়ক শুবমান গিলও (১৭)। ছয়ে নেমে ওয়াশিংটন সুন্দর ফেরেন ১০ রানে। ধ্রুব জুরেল অপরাজিত রয়েছেন ৭ রানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।