স্পোর্টস ডেস্ক : টানা আট মৌসুম ধরে ব্রাজিলের রাজত্ব। বিপরীতে কোপা লিবের্তাদোরেসে চরম হতাশায় আর্জেন্টিনা। শনিবার আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ সালের কোপা লিবের্তাদোরেসের শিরোপা জিতেছে পালমেইরাস।
এই জয়ে মহাদেশীয় এই প্রতিযোগিতায় ব্রাজিলের সফলতম ক্লাবে পরিণত হলো পালমেইরাস। ৪টি করে শিরোপা নিয়ে এখন ফ্লামেঙ্গোর সমান অবস্থানে তারা। পালমেইরাসের এই শিরোপা নজিরবিহীন এক ধারাকেও আরও দীর্ঘ করল।
২০১৯ থেকে ২০২৬ আসর পর্যন্ত টানা আট মৌসুম কোপা লিবের্তাদোরেস জিতল ব্রাজিলিয়ান ক্লাবগুলো। যা প্রতিযোগিতার ইতিহাসে কোনো দেশের পক্ষে আগে কখনো সম্ভব হয়নি—এমনটাই জানিয়েছে এক্স-এর পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’।
আর্জেন্টিনার ক্লাবগুলো কখনো টানা চারটির বেশি শিরোপা জিততে পারেনি, যদিও তারা দুবার এই কীর্তি গড়েছিল। আর্জেন্টিনার প্রথম এমন ধারা এসেছিল ১৯৬৭ থেকে ১৯৭০ সালের মধ্যে, এবং ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তারা আবারও তা পুনরাবৃত্তি করে।
অন্যদিকে উরুগুয়ে দুবার ব্যাক-টু-ব্যাক শিরোপা জিতেছিল—১৯৬০ ও ১৯৬১ সালে, এরপর ১৯৮৭ ও ১৯৮৮ সালে। এই ধারেকাছেও আর কেউ নেই। প্যারাগুয়ে, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডর—সব দেশ থেকেই চ্যাম্পিয়ন বেরিয়েছে, তবে টানা আসরে শিরোপা জেতার কৃতিত্ব তাদের কারোরই নেই।
মহাদেশীয় এই প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসের অন্যতম অন্ধকার সময় পার করছে আর্জেন্টিনার ক্লাবগুলো। ২০১৯ থেকে ২০২৬—টানা আট আসর কেটে গেল, অথচ আর্জেন্টিনার কোনো ক্লাবই শিরোপা ছুঁতে পারেনি। প্রতিযোগিতার ইতিহাসে এটিই দেশটির সবচেয়ে দীর্ঘ শিরোপা-খরা।
পরিসংখ্যানবিদ ‘মিস্টার চিপ’-এর তথ্যমতে, এই খরা ছাড়িয়ে গেছে ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টানা সাত মৌসুমের আগের সবচেয়ে বাজে সময়কেও—যখন রিভার প্লেট ও ভেলেজ সার্সফিল্ডের মতো দলগুলো শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল।
তবে অপেক্ষার তালিকায় সবার ওপরে রয়েছে উরুগুয়ে; ১৯৮৮ সালে নাসিওনালের শেষ শিরোপার পর কেটে গেছে ৩৮টি আসর। এরপর আছে চিলি—১৯৯১ সালে কোলো-কোলোর জয়ের পর ৩৫ আসর ধরে শিরোপাহীন তারা, আর ২০০২ সালে অলিম্পিয়ার জয়ের পর ২৪ আসর ধরে অপেক্ষায় প্যারাগুয়ে।
তালিকার পরের অবস্থানে ইকুয়েডর— ২০০৮ সালে এলডিইউ কিটোর শিরোপার পর কেটেছে ১৮ আসর; আর ২০১৬ সালে আতলেতিকো নাসিওনালের শেষ জয়ের পর ১০ আসর ধরে শিরোপাশূন্য কলম্বিয়া। ২০১৮ সালে রিভার প্লেটের শিরোপা জয়ের পর আর্জেন্টিনার অপেক্ষা এখন দাঁড়িয়েছে আট আসরে।