বুধবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৪:১৬

২ হাজার টাকায় বিক্রি হলো দুই হালি ডিম

২ হাজার টাকায় বিক্রি হলো দুই হালি ডিম

এমটিনিউজ২৪ ডেস্ক : দুই হালি ডিমের বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ ৮০ কিংবা ১০০ টাকা। কিন্তু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের একটি মসজিদে এই সাধারণ ধারণাকে উল্টে দুই হালি ডিম ২০০০ টাকায় বিক্রি হয়েছে। 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে নামাপাড়া কেন্দ্রীয় মসজিদে হাঁস ও মুরগির দুই হালি ডিম দান করেন স্থানীয় দুই বাসিন্দা। এশার নামাজের পরে মসজিদ কমিটি সেই ডিম নিলামে তোলে।

স্থানীয় বাসিন্দা মানিক মিয়া শুরুতেই এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন। এ সময় আগ্রহী মুসল্লিদের মধ্যে ডিম কিনতে তুমুল প্রতিযোগিতা শুরু হয়। দ্বিতীয় দফার নিলামে ১০০০ টাকায় বাকি এক হালি ডিম কিনে নেন স্থানীয় বাদল মিয়া।

প্রথম ক্রেতা মানিক মিয়া তার কেনা এক হালি ডিম পুনরায় মসজিদে দান করে দেন। মুসল্লিদের মধ্যে তখন আবারও প্রতিযোগিতা শুরু হয়। শেষে স্থানীয় এক বাসিন্দা ৭০০ টাকায় সেই ডিম কিনেন।

সর্বোচ্চ দামে কেনা ডিমের ক্রেতা বাদল মিয়া বলেন, মসজিদ থেকে কেনা জিনিস খেলে অসুখ ভালো হতে পারে, এই বিশ্বাস থেকেই ডিমগুলো কিনেছি। 

নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশনা রয়েছে। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়ায় আল্লাহ বরকত পাওয়া যায়। তিনি বলেন, নিলামে বিক্রিলব্ধ অর্থ মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে