এমটিনিউজ২৪ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ৪ ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে।
রোববার (৫ এপ্রিল) ভৈরব পৌর এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠে স্থানীয় যুবকেরা ফুটবল খেলছিলেন। খেলা চলাকালীন মসজিদ বাড়ির যুবকদের সঙ্গে পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের কথা কাটাকাটি হয়। তর্ক-তর্কির একপর্যায়ে বিকেল ৫টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রথম দফায় প্রায় দুই ঘণ্টা চলে এ সংঘর্ষ। প্রথম দফা সংঘাতের রেশ কাটতে না কাটতেই রাত সাড়ে ৭টায় আবারও দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে চলে ভয়াবহ তাণ্ডব। সংঘর্ষ চলাকালীন একটি মসজিদ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। দুই দফায় ৪ ঘণ্টার এই সহিংসতায় রাত ১০টা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে বেশ কয়েকজনকে আটক করা হয়।
ভৈরব থানার (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।