বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:৪৭:৩৭

দলের প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ায় ভাগ্য খুলে গেল ইয়াছিনের

দলের প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ায় ভাগ্য খুলে গেল ইয়াছিনের

এমটিনিউজ২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়েও তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে প্রচারের মাঠ গরম করেন। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।

পরে সমর্থন দেন একই আসনে দলের প্রার্থী সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে। নির্বাচনে শেষ সময়ে এসে দলের প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ায় ভাগ্য খুলে যায় হাজী ইয়াছিনের। টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পেয়ে যান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের।

শপথ গ্রহণের পর রাতে ঢাকায় অবস্থানরত হাজী ইয়াছিন গণমাধ্যমকে বলেন, ‘তিনটি মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, সততার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশে নতুন এক দিগন্তের সূচনা করতে পারব।’

দলীয় সূত্রে জানা যায়, হাজী ইয়াছিন দলের মনোনয়ন না পেয়ে অনুসারীদের মাঠের প্রচারে অব্যাহত রাখেন। পরে ঢাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তারেক রহমানকে কথা দিয়ে আসেন, দলের প্রার্থী মনিরুল হক চৌধুরীর সঙ্গে কাজ করবেন। গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন হাজী ইয়াছিন। ২০০১ সালে কেন্দ্রীয় বিএনপির সদস্য মনোনীত হন। ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-কৃষিবিষয়ক সম্পাদক হন। পরে কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মনোনীত হন।

২০২২ সালের ৩০ মে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হন। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে