বুধবার, ০৬ মে, ২০২৬, ১০:১৮:৩৬

‘তুই এখন গ্যাংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি’

‘তুই এখন গ্যাংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি’

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকযোগে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে প্রবাসীর বাবাকে ৭ টুকরো করার হুমকি দেয়া হয়েছে।

ভুক্তভোগী আবদুর রহমান (৫৬) উপজেলার চন্ডিপুর মোল্লা কোনা গ্রামের বাসিন্দা। তিনি দুই ছেলের প্রবাস জীবনের কারণে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করছেন।

বুধবার (৬ মে) চৌদ্দগ্রাম থানায় আবদুর রহমান সাধারণ ডায়েরি করার পর বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়।

জানা যায়, মঙ্গলবার (৫ মে) সকালে চৌদ্দগ্রাম ডাক অফিসের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল গ্রহণ করেন আবদুর রহমান। পরে খাম খুলে তিনি সাদা কাগজে লেখা ভয়াবহ একটি হুমকি দেখতে পান।

সেখানে লেখা ছিল ‘তোর কাফনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা কোর্টে মরার জন্য প্রস্তুত থাকিস, তুই এখন গ্যাংদের টার্গেট। তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি।’

এরপর পার্সেলটি খুলে দেখা যায় ভেতরে কাফনের কাপড়ের টুকরো রাখা রয়েছে।

খামের প্রেরক হিসেবে একই উপজেলার পাশের রামরায় গ্রামের কসাই বাড়ির জুলাস বেপারী নাম উল্লেখ থাকলেও স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ওই নামে কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। খামে উল্লেখিত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ রিসিভ করেনি।

এ ঘটনায় আবদুর রহমান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। পরে তিনি চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, প্রাথমিকভাবে এটি একটি ভুয়া পরিচয়ে করা হুমকি বলে ধারণা করা হচ্ছে। ব্যবহৃত মোবাইল নম্বরটি ময়মনসিংহ এলাকার একটি নম্বর হিসেবে শনাক্ত হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে