এমটিনিউজ২৪ ডেস্ক : এবার কুমিল্লায় শাহরিয়ার নাফিজ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে নাফিজ নিখোঁজ হয়।
সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে নিখোঁজের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তার আপন মামা মো. নজরুল ইসলাম বাপ্পি।
নিখোঁজ শাহরিয়ার নাফিজ (১৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ফতেহাবাদ ইউনিয়নের বুড়িপাড় গ্রামের প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে। সে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এদিকে, নাফিজের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সহযোগিতা চেয়েছেন।
নাফিজের সন্ধান চেয়ে কুমিল্লা আদালতের আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে নাফিজের মামা মো. নজরুল ইসলাম বাপ্পির এই ফোন নম্বরটি (০১৬১১০০৬০৮০) যুক্ত করে লিখেছেন, সোমবার সকালে ইবনে তাইমিয়া স্কুলের দশম শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সন্ধান পেলে উল্লেখিত ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানাচ্ছি।
শাহরিয়ার নাফিজের মামা মো. নজরুল ইসলাম বাপ্পি কালের কণ্ঠকে বলেন, সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়।
এরপর সারা দিন আর বাসায় ফিরেনি। আমরা সকল আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তার খোঁজ পায়নি। পরে রাত ১২টার দিকে কুমিল্লায় কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমরা সকলের কাছে সহযোগিতা চাইছি।
আমার ভাগিনা খুবই মেধাবী ছাত্র। তার সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ করছি।