মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:১০:৩৫

হাসনাত আবদুল্লাহর কাছে হারার পর এবার পেলেন আরেক দুঃসংবাদ

হাসনাত আবদুল্লাহর কাছে হারার পর এবার পেলেন আরেক দুঃসংবাদ

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লা-৪ আসনে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বিতাকারী এবং গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক ইঞ্জি. সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ ওঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে বা জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. আ. জসিম উদ্দিন। ওই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আ. জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৮৫ ভোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।