মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৪৪:৩৭

ব্যালটে মারার ৬টি নির্বাচনী সিলসহ যুবক গ্রেফতার

ব্যালটে মারার ৬টি নির্বাচনী সিলসহ যুবক গ্রেফতার

এমটিনিউজ২৪ ডেস্ক : লক্ষ্মীপুরে ১৬ ঘর বিশিষ্ট ব্যালটের ৬টি নির্বাচনী সিলসহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রিন্টার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে ৬টি নির্বাচনী সিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, ১৬ ঘর বিশিষ্ট  ব্যালট পেপারে মারার জন্য সিল বানানো হচ্ছে গোপন সংবাদে এমন খবর পেয়ে পৌর শহরের মারইয়াম প্রিন্টার্স-এ অভিযানে যায় পুলিশ। এ সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬ টি সীল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সীলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে সোহেলকে থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেফতার সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সীলগুলো বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।

তবে নির্ভরযোগ্য সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত এক ব্যক্তি নির্বাচনী এসব সিল বানানোর জন্য অর্ডার দিয়েছেন।

জেলা প্রশাসনক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, ‘কোনোভাবেই এই প্রেসে ভোটেরর সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী ৬ টি সিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত আছেন, তাদের গ্রেফতারে অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে