রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ০৯:১৩:৪১

সড়ক দুর্ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শামসুদ্দীন খান নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব বাজারের কালী মন্দির এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুদ্দীন খান উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক বারহাট্টা উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাসা থেকে সাজগোজ করে চিরাম ইউনিয়নের দিকে যাওয়ার উদ্দেশ্যে বের হন শামসুদ্দীন খান। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব বাজারের কালী মন্দিরসংলগ্ন মার্কেটের ভেতরে ঢুকে পড়ে। এ সময় শামসুদ্দীন খান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময়ের ঘটনা বর্ণনা করে প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম বলেন, আমি তখন পাশের দোকানে কাজ করছিলাম। হঠাৎ দুর্ঘটনার শব্দ শুনে বাইরে এসে দেখি, শামসুদ্দীন খান মাটিতে পড়ে আছেন।

এদিকে, ঘটনার আগে শামসুদ্দীন খানকে কালী মন্দির এলাকার একটি বন্ধ দোকানের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন এক ভিক্ষুক নারী। তিনি বলেন, আমি ওই ব্যক্তির কাছে ভিক্ষা চেয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন- মা, আজকে আমার কাছে ভাংতি নেই, অন্যদিন দেব।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর অটোরিকশাচালককে হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি। তবে অটোরিকশাটি কীভাবে মূল সড়ক ছেড়ে মার্কেটের ভেতরে ঢুকে পড়ল এবং ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কেউ কেউ বলছে, শামসুদ্দিন খান এই অটোরিকশাটিতে ছিল। হঠাৎ অটোরিকশার সামনে একজন ব্যক্তি দৌড় দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে বারহাট্টা থানার অফির্সাস ইনচার্জ দাম বলেন, লাশ সুরতহাল করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শামসুদ্দীন খানের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে