বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:০২:২২

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

এমটিনিউজ ডেস্ক : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের ইউএনওর কক্ষসহ কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও জানা যায়নি।

খালিয়াজুরির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এটি কোনো নাশকতা কি-না সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।