এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনার সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুল গফুর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ময়েন উদ্দিন (৪৫) নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা নিয়ে বিরোধের জের ধরে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আব্দুল গফুর নিহত হন।
এ সময় আলমের বাবা আব্দুল গফুর (৭০) গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত বলে ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে আব্দুল গফুর নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
জিজ্ঞাসা বাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।