সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৯:৪৭

বিএনপি নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা

বিএনপি নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি ও কুপিয়ে হত্যা

এমটিনিউজ২৪ ডেস্ক : পাবনার আটঘরিয়ায় একদন্ত ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আদম আলী মেম্বারকে (৬০) প্রকাশ্য দিবালোকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্ডিপাশা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আদম আলী ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ছিল আটঘরিয়া উপজেলার একদন্ত হাটবার। আদম আলী দুপুরে হাটে যান এবং হাটের কাজ শেষ করে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে চন্ডিপাশা গ্রামে পৌঁছলে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এবং খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে। পরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হোসেন বলেন, কী কারণে এবং কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে চরমপন্থি কানেকশন থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

এদিকে পুলিশের সূত্র আরও জানায়, সম্প্রতি একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা তমা ধ র্ষ ণের পর হত্যার শিকার হন। চাঞ্চল্যকর তমা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আদম আলী। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে