সোমবার, ০২ মার্চ, ২০২৬, ০৫:৪০:১০

বাহরাইনে ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

বাহরাইনে ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক : বাহরাইনে ড্রোন হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মো. তারেক (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (২ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টা (বাহরাইন সময় রবিবার দিবাগত রাত ২টা) বাহরাইনের আল হিদ ড্রাইডক এলাকায় অবস্থিত আরব শিপবিল্ডিং অ্যান্ড রিপেয়ার ইয়ার্ডে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে। শিপইয়ার্ডটি মিনহাজ সালমান এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির পাশেই অবস্থিত বলে জানা গেছে।

নিহত সন্দ্বীপের আজিমপুর এলাকার পাহাড়েরগো বাড়ির মৃত ছায়েদুল হকের ছেলে।

তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরীর হালিশহর বউবাজার আমতলী এলাকায় বসবাস করতেন।

নিহতের সহকর্মী ও স্বজনদের সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় তারেক ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামের একটি জাহাজে মেরামতকাজে নিয়োজিত ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণে কর্মস্থল কেঁপে ওঠে। ড্রোনের ভাঙা অংশ ছিটকে এসে তার শরীরে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় আরো দুই থেকে তিনজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে সন্দ্বীপের মুছাপুর এলাকার আজিম ভূঁইয়ার বাড়ির নাজিম উদ্দিন (৪০) রয়েছেন। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

একই প্রতিষ্ঠানে কর্মরত নিহতের জেঠাতো ভাই নুর হোসেন বেলাল মোবাইলে বলেন, ‘আমি সামান্য দূরে কর্মরত ছিলাম, বিস্ফোরণের শব্দ শোনার পর  ঘটনাস্থলে গিয়ে জাহাজের ভেতরে ড্রোনের ছিটকে পড়া অংশ দেখতে পাই।

’ বিস্ফোরণের সময় কর্মীরা সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রায় ২৭ বছর ধরে তারেক বাহরাইনে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রবাসজীবনে তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে।

তার চাচাতো ভাই, রাউজান পূবালী ব্যাংকের ম্যানেজার মো. শামসুল ইসলাম জানান, এখনো তার পরিবারের সদস্যদের কাছে মৃত্যুসংবাদ জানানো হয়নি; তারা তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে