বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে ক্ষমতাসীনরা জঙ্গিবাদের বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং তাদের প্রতিপক্ষকে দমন করছে। আর এতেই বোঝা যায়, আজকে রাষ্ট্রই সব থেকে বড় সন্ত্রাস করছে।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যের প্রসঙ্গে ফখরুল বলেন, আজকে আমাদের নেত্রী যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তা অন্তর থেকে। কিন্তু আজকে জাতীর দুর্ভাগ্য যে আওয়ামী লীগ তার আহ্বানে সারা দেয়নি। বরং জাতীকে বিভক্ত করেছে তারা।
বাংলাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ গণতন্ত্রের অনুপস্থিতের কারণেই সৃষ্টি হয়েছে এমন দাবি করে বলেন, দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ আজকে দেশে গণতন্ত্র নেই এবং স্বাধীন মত প্রকাশের অধিকার নেই। আর এই সব গণতন্ত্রের অনুপস্থিতের কারণেই হচ্ছে। বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়েই, দেশের সকল সমস্যার সমাধান অচিরেই করা যাবে।
এসময় বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপি'র এই মহাসচিব।
এনডিপি'র সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসেন রহমতউল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দালনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
১২ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম