শুক্রবার, ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:১৭:২০

প্রতিউত্তর

প্রতিউত্তর

বাংলাদেশকে ব্যর্থ ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ কথায় কথায় বলে বিএনপি’র সঙ্গে কিসের ঐক্য। তারা জঙ্গিদের প্রশ্রয়দাতা।
 
আওয়ামী লীগের উদ্দ্যেশে তিনি বলেন, জঙ্গিদের প্রশ্রয়তো আপনারা দিচ্ছেন। যাদের গ্রেফতার করছেন তাদের একজনকেও তো বিচারের আওতায় আনছেন না।
 
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গভীর এক ষড়যন্ত্রের জাল বিছিয়ে চলেছে। তারা দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। এদেশটাকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
 
বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের কারণে জনগণের মৌলিক অধিকার ও দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে।
 
তারেক রহমানকে দেশে ফিরতে না দিতেই তার নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
 
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিও করতে দেয়নি। আওয়ামী লীগ আমাদের এমন গণতন্ত্র দিয়েছে যে, একটা র‌্যালি করতেও তাদের অনুমতি লাগে। সভা সমাবেশ করতে দেয়না। এমন সময় আমাদের আনতে হবে যখন তাদের আর অনুমতি লাগবে না।
 
তিনি আরও বলেন, সাংবাদিকরা সত্য লিখতে পারে না। সত্য লিখলে তাদের জেলে ঢোকানো হয়।
 
২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জিয়া পরিবারের বড় সন্তান ও বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতার করে। দীর্ঘ পৌনে দুই বছর কারাভোগের পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
২ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে