বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জঙ্গিদের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার তথ্য বেরিয়ে যাবে বলে আওয়ামী লীগ সরকার জঙ্গিদের ধরে মেরে ফেলছে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এক প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন নজরুল ইসলাম।
নজরুল ইসলাম খান যখন এই সমাবেশে বক্তব্য রাখছিলেন তখন গাজীপুর ও টাঙ্গাইলে তিনটি সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গাজীপুরে দুইজন এবং টাঙ্গাইলে দুই জন মারা যান।
এর আগে গত ২৬ জুলাই মিরপুরের কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নয় জনের মৃত্যুর পর বিএনপি এই অভিযান নিয়ে প্রশ্ন তোলে। ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়া অভিযানে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার মূল হোতা তামিম চৌধুরীসহ তিন জনের মৃত্যুর পর সে অভিযান নিয়েও প্রশ্ন তোলে বিএনপি।
নজরুল ইসলাম খান বলেন, ‘জঙ্গিদের সঙ্গে আসলে জড়িত আওয়ামী লীগ। তাদের আমলেই এদের উত্থান। আর বিএনপি জঙ্গিদেরকে ধরে বিচার করছে। এখন তাদের সঙ্গে সরকার দলের সম্পর্ক প্রকাশ হয়ে যাবে বলেই সন্দেহভাজনদেরকে গ্রেপ্তার না করে হত্যা করছে তারা।’
০৮ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/ এএস