বিএনপি এখন কুঁজো দল হয়ে গেছে, সুতরাং তাদের পক্ষে আন্দোলন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, বিএনপি এখন কুঁজো দলে পরিণত হয়েছে। কুঁজোর চিত হয়ে শোবার একটা স্বাদ সবার জাগে, কিন্তু কুঁজোর কারণে সে চিত হয়ে শুতে পারে না। আজকে রাজনীতিতে আন্দোলন করার খুব স্বাদ জাগে বিএনপির, কিন্তু আন্দোলন করতে পারছে না। উনারা বলেন জনগণকে জাগিয়ে আন্দোলন করবেন, কিন্তু জনগণ তাদের কথায় জাগছে না। তাই বলছি বিএনপি এখন কুঁজোর দল, তাদের দিয়ে আর আন্দোলন হবে না।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত আর বিদেশিদের ওপর নির্ভর করে বিএনপি ক্ষমতায় আসতে চেয়েছিল মন্তব্য করে নৌপরিবহনমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে পর্যন্ত নির্ভরশীল হয়ে গেল তারা। তারা বলল, শেখ হাসিনা সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তারা জামায়াতে ইসলামীর ক্যাডার বাহিনী, অবৈধ অর্থ ও অস্ত্র, বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে আন্দোলন করার চেষ্টা করেছিল।
দেশি-বিদেশি শক্তি সংলাপের নামে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশিরা সরকারের ওপর একটা চাপ সৃষ্টি করেছিল সংলাপ সংলাপ। বিদেশিরা এবং দেশের কিছু সুশীল সমাজ উনাদের মনা রাজনৈতিক দল, এমনকি কাদের সিদ্দিকী সংলাপের দাবিতে মতিঝিলে অনশন পর্যন্ত করলেন। কার জন্য সংলাপ, কিসের জন্য সংলাপ? সংলাপটা তারা চেয়েছিল মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে রক্ষা করার জন্য। জঙ্গি একটা গোষ্ঠী, জঙ্গি একটা মতবাদ। এই মতবাদ, জামায়াত-শিবির, যুদ্ধাপরাধীদের রক্ষা করা তার উদ্দেশ্য ছিল।
ডিআরইউ-এর সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, দফতর সম্পাদক মেহেদি আজাদ মাসুম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল প্রমুখ।
১৩ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম