বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা গুলি চালাবে। লুটপাট করবে। চুরি করবে। মানুষ হত্যা করবে। তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না। ৯৫ ভাগ মুসলমানের এই দেশে ধর্ম-কর্ম সঠিকভাবে পালন করা যাবে না। ধর্মনিরপেক্ষতার নামে তারা দেশে ধর্মহীনতা শুরু করেছে।
আজ মঙ্গলবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুরে এক শোকসভায় ক্ষমতাসীন দলকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগের হাতে দেশের হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। তারা মন্দির-গির্জা ভাঙে। আগুন লাগিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পদ পুড়িয়ে দেয়।
বিএনপির মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার, ধর্ম পালনের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি লড়ে যাচ্ছে। দেশব্যাপী দলের নেতাকর্মীরা হাসান আলীর মতো শহীদ হচ্ছে। আদর্শের লড়াইয়ে এসব শহীদের রক্ত ব্যর্থ হবে না। ধৈর্য ধরুন। জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।
২২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি