ওসমান পরিবারের সদস্যরা ছাড়া শামীম ওসমানের অনুসারিরাও তার পক্ষে কাজ করবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কৌশল নির্ধারণী এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ক্ষমতাসীন দলটির একাধিক কেন্দ্রীয় নেতাদের তিনি জানান ‘তবে কেউ গোপনে, কেউ প্রকাশ্যে থাকবে। শামীম ওসমান নির্বাচনে সক্রিয় হলে ভালো, নিষ্ক্রিয় থাকলে আরও ভালো।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘শামীম ওসমানের লোকজনসহ নারায়ণগঞ্জের আওয়ামী লীগ আমার সঙ্গে রয়েছে। এমনকি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনও আমাকে সমর্থন দিয়েছেন।’
বৈঠকে নির্বাচনি প্রচারণার কৌশল বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের প্রত্যেক ওয়ার্ডে আমি যাব। সব শ্রেণি-পেশার মানুষের কাছে যাব। দরকার হলে উনার (শামীম ওসমান) কাছেও যাব। কিন্তু উনাকে ‘ডিল’ করতে হবে কেন্দ্র থেকে।’
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি