স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে গেলেও আজো দেশের গণতন্ত্র মুক্তি পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, আমাদের দুভার্গ্য। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। সে স্বপ্ন আজো পূরণ হয়নি। স্বাধীনতার ৪৬ বছর পরও আজ গণতন্ত্র অবরুদ্ধ।
তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের মূল্যেবোধ হারিয়ে ফেলছি। গণতন্ত্রের চর্চা করতে হবে। একই সঙ্গে মুক্তবুদ্ধির চর্চা করতে হবে। তাহলে আমাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে।
বিএনপির এই নেতা বলেন, ৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় যারা সরাসরি বিরোধীতা করেছে তাদের বিচার হওয়া উচিৎ। বিএনপি সব সময়ে স্বাধীনতা বিরোধীদের বিচার চায়। তবে সেটা যেন রাজনৈতিক উদ্দ্যোশে না হয়।
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম