নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ‘আশা ও শঙ্কা’- শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, মুষ্টিমেয় কিছু লোকের জন্য নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি পেয়েছে। এখানকার আরেকটি সমস্যা মাদক। এসব সমস্যা নিরসণে সিটি করপোরেশনের প্রধান ব্যক্তিকে ভূমিকা এবং উদ্যোগ নিতে হয়। তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
সদ্য পদ্যত্যাগী এবং আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সিটি করপোরেশন ব্যবসা কেন্দ্র হতে পারে না। অথচ গত ১৩ বছরে মেয়র থাকাকালীন (বিলুপ্ত পৌরসভার ৮ বছর এবং সিটির ৫ বছর) তিনি সিটি করপোরেশনের ভূমিতে মার্কেট এবং অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন। দোকান এবং অ্যাপার্টমেন্ট বিক্রিতে স্বজনপ্রীতি হয়েছে। নিজস্ব লোকজনদের এসব দোকান ও অ্যাপার্টমেন্ট বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু সিটি করপোরেশনের জমি জনকল্যাণে ব্যবহার হওয়ার প্রয়োজন ছিল। যা হয়নি। তিনি সিটি করপোরেশনের এই ভূমিকার কঠোর সমালোচনা করে এ ধরনের কাজের বিরোধিতা করেন।
তিনি নির্বাচিত হতে পারলে ফুটওভার ব্রিজ এবং ফ্লাইওভার করে যানজট মুক্ত নগরী গড়ে তোলার চেষ্টা করবেন বলে জানান।
সাখাওয়াত বলেন, বিগত নির্বাচনে পেশি শক্তি ব্যবহৃত হয়েছে। সেখানে বিরোধী দল অংশগ্রহণ করতে পারেনি বা করতে দেয়া হয়নি। ওইসব নির্বাচনে ২৫০ জন মানুষের প্রাণহরণ হয়েছিল। তিনি বলেন, এই নির্বাচনে যেন একটি মানুষের উপর একটি টোকাও না পড়ে। আমি চাই নির্বাচনটি হবে একটি মডেল।
নির্বাচন কমিশনকে ঠুঁটো জগন্নাথ উল্লেখ করে তিনি আরো বলেন, সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে অবশ্যই সরকার এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, রিটার্নিং অফিসার ১৭৪ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলেছেন। আমরা নির্বাচনে সেনাবাহিনী চেয়েছি যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন। আমি নির্বাচনে একটি লেবেল প্লেয়িং ফিল্ড চেয়েছি।
সিটি করপোরেশন এক হাজার ভাগ পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করেছে দাবি করে সাখাওয়াত বলেন, ট্রেড লাইসেন্স ফিও বাড়ানো হয়েছে। ৫শ’ টাকার হোল্ডিং ট্যাক্স ১০/১২ হাজার টাকা এবং ১০/১২ হাজার টাকার হোল্ডিং ট্যাক্স ১ থেকে দেড় লাখ টাকা করা হয়েছে।
নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে আখ্যায়িত করে সাখাওয়াত বলেন, জাতীয় আয়ের একটি উল্লেখযোগ্য অংশ নারায়ণগঞ্জ থেকে আসে। কিন্তু তারপরও নারায়ণগঞ্জ সুবিধাবঞ্চিত। দেশের অনেক জেলায় প্রয়োজন ছাড়া ব্রিজ হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা সেতু এখনো হয়নি। তিনি নির্বাচিত হতে পারলে শীতলক্ষ্যা সেতু, ফুটওভার ব্রিজ এবং ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দেন।
অভিযোগ করে সাখাওয়াত বলেন, নারায়ণগঞ্জে শ্রমজীবীদের জন্য কোনো হোস্টেল নেই। নেই মেডিকেল কলেজ ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এগুলো উদ্যোগের বিষয়। নারায়ণগঞ্জ ধুলাবালি ও ময়লার শহরে পরিণত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি