সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা সবাইকেই সুযোগ করে দিতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়।’ সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের পার্টি এখন ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধভাবেই এ নির্বাচনে অংশ নিচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পালে হাওয়া লেগেছে।’
নাসিক নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন,‘আমরা সবাইকেই সুযোগ করে দিতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। দলের সাধারণ সম্পাদক হিসেবে এ বিষয়ে আমিও একমত। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করুক। নারায়ণগঞ্জের মানুষ যাকে খুশি তাকেই ভোট দিক।’
শামীম ওসমান আইভীকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শামীম ওসমান প্রেস কনফারেন্স করে এই দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন। তিনি আইভীকে শাড়ি উপহার দিয়েছেন এবং আইভী সেই শাড়ি পরেই জনসংযোগ করেছেন। বড় দলে ছোটখাটো দ্বন্দ্ব থাকতে পারে। হাতের পাঁচ আঙুল তো সব সমান নয়।’
তিনি আরো বলেন, ‘আমাদের দলের ইতিবাচক বৈশিষ্ট্য তিনটি। আমাদের প্রার্থী জনপ্রিয়, আমাদের সরকার উন্নয়নের সরকার, এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে উন্নয়ন কাজ হচ্ছে। আর নারায়ণগঞ্জে আমাদের সাংগঠনিক শক্তি রয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে নৌকাই জিতবে।’
নারায়ণগঞ্জে খালেদা জিয়ার নীরব বিপ্লব ঘটবে-এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিপ্লবটি নীরব হবে ঠিকই। তবে সেটি ধানের শীষে না হয়ে তো নৌকায়ও হতে পারে।’
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস