প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মঙ্গলবারের বক্তব্য প্রসঙ্গে বিএনপির মহাসচিবের মন্তব্য, ‘দেশে আইনের শাসন, সুশাসন, কোথায় কিভাবে আছে, আমরা বুঝতে পারি না। কারণ, সব কিছু এখন একাকার হয়েছে একে।’ তিনি বলেন, ‘একজনই রাষ্ট্রপ্রধান। একজনই সরকারপ্রধান। বিচারেরও প্রধান, তদন্তেরও প্রধান।’
বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় রয়াত চিত্রপরিচালক চাষী নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে একসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, ‘কোর্টে এ বিষয়ে মামলা চলছে। আর উনি রায় দিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী আপনি একটি সরকারের প্রধান। আপনি নির্বাহী ব্রাঞ্চের প্রধান। একটি মিথ্যা মামলা হয়েছে, সেই মামলার অনুসন্ধান হয়েছে, এখন বিচার চলছে। আর আপনি ইতোমধ্যে অনুসন্ধানও করে ফেলেছেন, অভিযুক্তও করেছেন, ট্রায়ালও করে বলছেন, যে টাকা চুরি করেছেন। এখন আর বিচারকের প্রয়োজন আছে রায় দেওয়ার?’
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি নির্বাহী ক্ষমতার চিফ হিসেবে যখন এমন বক্তব্য দিয়ে দেন, সেই রায় কোন দিকে যাবে, তা আমরা সহজেই বুঝতে পারি। একজন সরকারপ্রধান হয়ে সাবেক একজন প্রধানমন্ত্রীর মামলায় কথা বলতে থাকেন, তখন রায় কী হবে, আমরা জানি।’
তিনি বলেন, ‘যদি সঠিক তদন্ত হয়, সত্য উদ্ঘাটিত হয়, তাহলে কি সরকারের চেহারা বদলে যাবে? মুখোশ উন্মোচিত হয়ে যাবে?’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার জঙ্গিবাদের উস্কানিদাতাদের গণআদালতে বিচারের কথা বলছে। যারা জঙ্গিবাদের ঘটনায় অভিযুক্ত হচ্ছে, তাদের সঙ্গে-সঙ্গে মেরে ফেলা হচ্ছে। পরে আর তদন্ত হচ্ছে না, জানা যাচ্ছে না। ’
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার জনসভা করে, সরকারের মদদপুষ্ট বিরোধী দলের এরশাদও করেছেন। যারা তথাকথিত মহাজোটে রয়েছে, তারাই সমাবেশ করতে পারছে।’
১২ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস