নির্বাচন কমিশনের ‘নিবন্ধন বাতিলের ভয়ে বিএনপি প্রহসনের নির্বাচনের ফাঁদে পা দেবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণবিরোধী সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে আলোচনা সভাটির আয়োজন করা হয়।
খন্দকার মাহবুব বলেন, বিএনপিকে আগামী নির্বাচনে আসতে হবে নতুবা নিবন্ধন বাতিল হবে- এই ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের (বর্তমান সরকার) প্রহসনমূলক নির্বাচনের ফাঁদে বিএনপি পা দেবে না। যে কেনো মূল্যে তা প্রতিহত করা হবে।
খন্দকার মাহবুব বলেন, নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, একটি সর্বদলীয় সরকার হবে, যে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
তিনি বলেন, সরকার যতই নির্বাচন কমিশন গঠন করুক, নির্বাচনকালীন সময়ে সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সংবিধানে নির্বাচন কমিশনের যতই ক্ষমতা থাকুক না কেন, তারা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, অতীতের নির্বাচনগুলোতে আমরা তা বুঝেছি।
০৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস