শেষ প্রচারণায় সকালে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে বাসায় বৈঠক করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। বাসায় তিনি সাংবাদিকদের বলেছেন, সরকার ক্ষমতায় আছেন, আপনারা সুষ্ঠু নির্বাচন করেন। দেখান, সারা পৃথিবীর লোকজন দেখবে।
তিনি বলেন, আমার লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। একজন কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা করা হয়েছে। আমি নির্বাচন কমিশনের ওপরে আস্থা রাখছি। এ ছাড়া তিনি বিকালে নেতা-কর্মীদের নিয়ে প্রচারণায় বের হন।
এ সময় বলেন, আমি পাঁচ বছর সামার্থ্য অনুযায়ী কাজ করেছি। সামার্থ্যের বাইরে কেউ যেতে পারে না। আমি চেষ্টা করেছি জনগণের সঙ্গে থাকতে। আমি বিগত দিনে সবার সুখ ও দুঃখে সঙ্গে ছিলাম। সেই বিবেচনায় আমাকে ভোট দেবে।
বিকালে তিনি লাকসাম রোডের কাসেমূল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় প্রচারণা চালান। পরে নগরীর রেসকোর্স এলাকায় একটি উঠান বৈঠকে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, আবদুর রউফ চৌধুরী ফারুক, শফিউল আলম রায়হান, সারওয়ার জাহান দোলনসহ স্থানীয় নেতা-কর্মী।
২৯ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস