বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির শাকিব খানকে নিষিদ্ধ করার পর শনিবার বিকালে দেশের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৩টি সংগঠন মিলে শাকিব খানের সঙ্গে অনির্দিষ্টকাল কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে কথা বলেন শাকিব খান।
শাকিব বলেন, সুপারস্টার হওয়ার যে কী যন্ত্রণা! দেশের চলচ্চিত্রের এক নম্বর নায়ক হয়ে আমি যে কত বিপদ টেনে এনেছি, তা হাড়ে হাড়ে টের পাচ্ছি! সবাই দেখছে ১৩টি সংগঠন। কিন্তু আমি বলব পুরো ঘটনাটি একজন ঘটাচ্ছে।
নায়ক বলেন, তিনি বদিউল আলম খোকন, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব। সে ছিল অশ্লীল ছবির পরিচালক। তখন তাকে নিষিদ্ধ করা হয়। তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছিল। সে আদালতে গিয়ে হাজিরা দিত। আমি তাকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছিলাম। তাকে দিয়ে ভালো ছবি বানিয়েছিলাম আর আমিই ওই ছবিতে অভিনয় করেছিলাম। এখন সে–ই আমার বিরুদ্ধে লেগেছে।
কেন তার বিরুদ্ধে লেগেছেন এমন প্রশ্নে জবাবে শাকিব খান বলেন, কারণ আমি এখন তার ছবি করছি না। আমি এখন নতুন পরিচালকের সঙ্গে কাজ করছি। এটা তিনি সহ্য করতে পারছেন না। তিনি ব্যক্তিস্বার্থে পুরো চলচ্চিত্র পরিচালক সমিতিকে ব্যবহার করছেন। আজ তারা শামিম আহমেদ রনির সদস্যপদ বাতিল করেছেন, কাল আরেকজন নতুন পরিচালককে বাতিল করবেন। তারা কোনো ভাবেই নতুনদের এখানে ঢুকতে দিতে চান না।
তিনি বলেন, আমি রোববার সকালেই ঢাকায় ফিরছি। সোমবার আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব। আমাকে শেষ করে দেওয়াই হচ্ছে তাদের মূল পরিকল্পনা—সংবাদমাধ্যমের কাছে আমি এটাই তুলে ধরব। সংবাদ সম্মেলন এফডিসির বাইরে করব। কারণ সেদিন দেখি শিল্পীদের এফডিসিতে ঢোকার সময় পুলিশ দিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমি খুবই কষ্ট পেয়েছি।
৩০ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস