ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ সরকারের হৃৎকম্পন শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির ভিশন ২০৩০ ঘোষণার পর আ.লীগের অবস্থা খুবই খারাপ। এতই খারাপ হয়েছে যে ক্ষমতা হারানোর ভয়ে তাদের হৃৎকম্পন শুরু হয়েছে।
শনিবার (২০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মধুখালী পৌর সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সহ- সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, 'নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সরকার তত নার্ভাস হয়ে পড়ছে। পুলিশকে ব্যবহার করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে কোনও কারণ ছাড়াই হঠাৎ তল্লাশি করা হয়েছে।
এসময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, 'যতই চেষ্টা করুন ক্ষমতায় থাকতে পারবেন না। আগামী দিনে বাংলাদেশে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, দলীয় সরকার বলে কিছুই থাকবে না। তখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনারা কোনও প্রার্থীই খুজে পাবেন না।
২০ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস