বিএনপি ভোট কারচুপি করতে পারবে না বলেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে বাতিলের দাবি জানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি আরো বলেন, বিএনপি ইভিএম পদ্ধতিতে নির্বাচন চায় না। কারণ তারা ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাস করে। আর ভোট কারচুপি করতে পারবে না বলেই তারা এই পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন অনুযায়ী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ।
তিনি আরো বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারির পর থেকে বিএনপির গুলশান কার্যালয় থেকে জ্বালাও পোড়াও’র ডাক দিয়ে বাস পুড়িয়ে এবং মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাই বিএনপি জোরগলায় কোনো কিছু বলার অধিকার রাখে না।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস