২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে উন্নয়নমুখী ও জনকল্যাণকর বাজেট বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের আগে কক্সবাজার বিমানবন্দরে বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ভিশন ২০২১ কে সামনে রেখে আমরা উন্নয়নমুখী ও জনকল্যাণকর বাজেট দিয়েছি। অনেকে মন্তব্য করতে পারে এ বাজেট নির্বাচনমুখী। কিন্তু শেখ হাসিনার ভিশন নির্বাচনমুখী নয়। শেখ হাসিনার ভিশন হচ্ছে পরবর্তী প্রজন্মকে তৈরি করার ভিশন।
ওবায়দুল কাদের বলেন, এ বাজেট আগামী নির্বাচনের বাজেট নয়, এ বাজেট আগামী প্রজন্ম নির্মাণের বাজেট। এ বাজেট ব্যবসাবান্ধব, গরীববান্ধব, কৃষিবান্ধব। এটা উন্নয়নমুখী জনকল্যাণকর বাজেট।
এসময় প্রতিনিধি দলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিতি ছিলেন।
প্রতিনিধিদলটি শুক্রবার ও শনিবার কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালীর মাতার বাড়ী, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, টেনাফ ও পার্বত্য চট্টগ্রমের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরন করবেন।
১ জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস