বাংলাদেশ দল কতোটা ভয়ঙ্কর হতে পারে ২০১৫ সালে বুঝেছেন এমএস ধোনি। সেবার পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছিলেন। কিন্তু ফিরে গিয়েছিলেন প্রথমবারের মতো টাইগারদের কাছে ওয়ানডে সিরিজ হেরে।
২০০৭ বিশ্বকাপে থেকেও এই বাংলাদেশের কাছে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায়ের তিক্ত অভিজ্ঞতা আছে ভারতের। এশিয়া কাপের ফাইনালে তাই বাংলাদেশকে সমীহ না করে উপায় আছে ধোনির!
এবারের আসরে মাশরাফি বিন মুর্তজার দল শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে। হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকেও। তবে ভারতের কাছে হেরেছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। একবার বাংলাদেশের পরীক্ষা নেয়া হয়ে গেছে।
তারপরও বৃহস্পতিবার আমিরাতকে উড়িয়ে দেবার পর ভারত অধিনায়ক ধোনি সতর্ক, "যে কোনো দলের সাথে তাদের দেশের মাটিতে খেলা কঠিন। বাংলাদেশ এই টুর্নামেন্টে খুব দাপুটে খেলা খেলছে। আমরা অবশ্য আমাদের নিজেদের নিয়েই ভাবছি। প্রতিপক্ষকে নিয়ে ভাবছি না। তবে বাংলাদেশ ভালো দল। তারা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। ভালো একটা ফাইনাল হওয়া উচিৎ।"