গুপ্তচর আটকের পাকিস্তানি দাবি নাকচ করে দিয়েছে ভারত। তবে আটক ব্যক্তি ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা বলেও স্বীকার করেছে নয়া দিল্লি।
ভারতের পররাষ্ট্র দফতর শুক্রবার বলেছে, অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তার সঙ্গে সরকারে কোনো যোগাযোগ নেই। এ ছাড়া, কোনো দেশে নাক গলানোর বিন্দুমাত্র ইচ্ছা ভারতের নেই।
বিবৃতিতে আরো বলা হয়েছে, নয়াদিল্লি দৃঢ়ভাবে বিশ্বাস করে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পাকিস্তানই সবার স্বার্থ রক্ষা করবে। অবশ্য আটক ব্যক্তির সঙ্গে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের দেখা করতে দেয়ার আহ্বানও জানিয়েছে ভারতের পররাষ্ট্র দফতর।
এর আগে ভারতীয় গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ প্রতিবাদ জানান পাক পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসি উইং বা র-এর গুপ্তচর ধরা পড়ার খবর প্রকাশিত হওয়ার একদিন পরই এ প্রতিবাদ জানায় ইসলামাবাদ। আটক ব্যক্তির নাম কুল যাদব ভোসান এবং তিনি ভারতীয় নৌবাহিনীর কমান্ডার পদমর্যাদার কর্মকর্তা বলে দাবি করে পাকিস্তান।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস