রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৪:০৮:৫৪

প্রতিউত্তর

প্রতিউত্তর

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ইউনিয়ন পরিষদের দ্বিতীয় পর্যায়ের ভোটেও আচরণবিধি ভঙ্গের মহোৎসবে নির্বাচন কলুষিত হয়েছে। এ নিয়ে অন্যের ঘাড়ে দায় চাপানোর সুযোগ নির্বাচন কমিশনের নেই।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, এ নির্বাচনেও কেন্দ্র দখল, আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ব্যালটে সীল মেরে ভোট বাক্সে ঢোকানো, ব্যাপক সন্ত্রাস, অনিয়ম ও আচরণবিধি ভঙ্গের মহোৎসব স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল পর্যায়ে নির্বাচনকে কলুষিত করেছে।

ফজলে হোসেন বাদশা বলেন, প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের খারাপ অভিজ্ঞতার পর প্রত্যাশা ছিল নির্বাচন কমিশন দ্বিতীয় পর্যায়ের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সক্রিয় ও উদ্যোগী হবে। কিন্তু দেখা গেল প্রথম দফা নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থীদের সহিংসতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি-ঘরে আক্রমণ, মারপিট, কেন্দ্র দখল করে নির্বাচন কর্মকর্তাদের সামনে ব্যালটে সীল মারার ঘটনা আগেরটিকেও হার মানিয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বভাবসুলভ ভঙ্গিতে এ সকল দায় পুলিশ প্রশাসনের ওপর চাপিয়ে নিজেদের রক্ষা করতে চাইছে। নির্বাচনের আচরণবিধি মেনে চলতে বাধ্য করা এবং সহিংসতারোধে নির্বাচন কমিশনের যে দৃঢ় ও শক্তিশালী ভূমিকা থাকা দরকার তা না করে তারা নির্বিকার থেকেছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতকিছুর পরও ইউনিয়ন পরিষদ নির্বাচন সাধারণ জনগণের আগ্রহ রয়েছে। তারা এতে অংশ নিচ্ছে এবং ভোট দেওয়ার সুযোগ চাইছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। নির্বাচনী ব্যবস্থায় এই হাল অব্যাহত থাকলে জনগণ অচিরেই ভোটের ওপর আস্থা হারাবে। জনগণকে ভোটের অধিকার দেওয়া ও পরিবেশ তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের। কারও ওপর দায় চাপিয়ে তারা পার পাবেন না।
০৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে