বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৬:৩৪:১৩

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিভেদ ভুলে ঐক্য গড়ে তোলার মাধ্যমে বাংলা নতুন বছরে দেশে ‘গণতন্ত্র ফিরে আসবে’ বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন বছরে এদেশে গণতন্ত্র ফিরে আসবে। শান্তি এবং সুদিন আসবে, জনগণের কল্যাণ হবে, খুন-গুম থেকে মানুষ মুক্তি পাবে, দেশে বেকারদের কর্মসংস্থান হবে। তবে সবচেয়ে বড় কাজ গণতন্ত্র ফিরিয়ে আনা। সেইজন্য বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, আশা করি এই নববর্ষ বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে, শুভ হবে। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন করে শহীদের রক্ত দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা পেয়েছে। এবাব দেশকে শান্তি ও উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

গণতন্ত্র ফেরাতে কাঁধে কাঁধ, হাতে হাত রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, অনেক বেদনা, অনেক কষ্ট ভুলে সামনে এগিয়ে যেতে হবে। খালেদা জিয়া তার বক্তব্যে দেশবাসী, বিশ্ববাসী, প্রবাসীসহ প্রত্যেক রাজনৈতিক দল এবং এর নেতাদের, শিশু, মহিলা, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানান।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। এর আগে দুপুর আড়াইটায় জাসাস শিল্পীদের গান পরিবেশন করেন। বিএনপি চেয়ারপারসন সোয়া ৪টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিএনপি নেত্রীও হাত নেড়ে নেতা-কর্মীদের অভিনন্দনের জবাব দেন।

বর্ষবরণের অনুষ্ঠানে বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

বর্ষবরণের এই অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগে থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে জনস্রোত। জাসাস সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন জাসাসের সাধারণ সম্পাদক মনির খান।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে