প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের বাসায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র গোপন নথি পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি আরো লিখেছেন, ‘শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যসহ এফবিআইর গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল।’
তিন বলেন, ‘শফিক রেহমান স্বীকার করেছেন যে, প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে তিনি এসব নথি পেয়েছেন। তিনি এটাও স্বীকার করেছেন যে, যারা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ এবং খুনের পরিকল্পনার দায়ে ইতিমধ্যে অভিযুক্ত সেই রিজভি আহমেদ সিজার এবং জোহানস থালেরের সাথেও তার কয়েকটি মিটিং হয়েছে।’
জয়ের প্রশ্ন, ‘এই ঘটনা নিয়ে আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’
এর আগে রবিবার রাতে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জয় দাবি করেন, তাকে অপহরণ ও হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। শফিক রেহমান সাংবাদিক থেকে অপরাধী হয়ে গেছেন বলেও মন্তব্য করেন জয়।
এদিকে, মঙ্গলবার দুপুরে শফিক রেহমানকে সঙ্গে নিয়ে তার ইস্কাটনের বাসায় অভিযান চালানো হয় বলে জানান জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলার তদারকি কর্মকর্তা ও ডিবির উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ।
অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, যুক্তরাষ্ট্রে দণ্ডিত রিজভী আহমেদ সিজার, এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিক এবং এই দুজনের মধ্যস্থতাকারী লাস্টিকের বন্ধু জোহানেস থালের সঙ্গে বৈঠকের কথা শফিক রেহমান রিমান্ডে স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘২০১২ সালে জাসাস নেতা ও তার ছেলে রিজভী আহমেদ সিজারের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান। তিনি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে নানান তথ্যও বিভিন্ন সময় সংগ্রহ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়ার পর তার বাসা থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে।’
মনিরুল ইসলাম জানান, জয়কে আমেরিকায় অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সংশ্লিষ্ঠতা আছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ।
তিনি বলেন, শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। এরপর মাহমুদুর রহামানকেও রিমান্ডে নেয়া হবে। তারপরই বলা যাবে তারেক রহমানের সংশ্লিষ্টতা আছে কি না।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় গত শনিবার রাজধানীর নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বিএনপি বলছে, মিথ্যা অজুহাতে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস