বিএনপি-জামায়াতের ছাতার নিচে জঙ্গিদের আস্তানা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতির প্রধান প্রবক্তা হচ্ছে অতীতের সামরিক শাষকরা এবং সরাসরি জামায়াত ও বিএনপি। জামায়াত বিএনপির ছাতার তলেই জঙ্গি- সন্ত্রাসী ও গুপ্তহত্যাকারীদের আস্তানা।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সেমিনারে তথ্য মন্ত্রী বলেন, জঙ্গি দমন করতে হবে সেই সাথে জঙ্গিদের পাহারাদারদের দমন করতে হবে। একটাকে বাদ দিয়ে যদি আরেকটাকে দমন করতে চান তাহলে কার্যত বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন হবে না। যারা জঙ্গিবাদের পাহারাদারদের ওকালতি করে তারা মূলত জঙ্গি দমনে বাধা সৃষ্টি করে। আমরা জঙ্গিবাদ ও তাদের পাহারাদারদের দমন করবো।
‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আঞ্চলিক ঐক্য’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিশ্ব শান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ। মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন সাবেক সচিব মোহাম্মদ মূসা, মেজর জেনারেল আব্দুর রশিদ প্রমুখ।
২৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস