জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গণমুখী রাষ্ট্র ছাড়া শ্রমিক-কৃষক মেহনতী মানুষের অধিকার নিশ্চিত করা যাবে না। বিদ্যমান নিপীড়ক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য গণআন্দোলন রচনা করতে হবে।
তিনি আরো বলেন, গণআন্দোলনের মাধ্যমেই শোষণ-নিপীড়ন-নির্যাতনের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে, জনগণের শাসন কায়েম করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতায় শ্রমজীবি-কর্মজীবি-পেশাজীবি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই গণমুখী রাষ্ট্রের প্রবর্তন হবে।
আ স ম রব বলেন, যে সমাজে উৎপাদন ব্যবস্থাপনায় শ্রমিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়না, সে সমাজ প্রগতিশীল হতে পারে না। বিদ্যমান শাসন ব্যবস্থায় রাষ্ট্র আর চলতে পারে না। এই অবস্থা চলতে থাকলে নৈরাজ্য, জঙ্গীবাদ, সন্ত্রসবাদে রাষ্ট্র চূড়ান্ত ঝুঁকিতে পড়বে। যা আমাদের স্বাধীনতাকেই বিপর্যস্থ করে তুলবে। জেএসডি’র ১০ দফা বাস্তবায়নে নতুন ধারার রাজনীতি ও শাসন কাঠামো দিয়ে বিদ্যমান সংকটের মোকাবেলা করা সম্ভব।
এ সময় অবিলম্বে শ্রমিকদের নূন্যতম ১৩ হাজার টাকা মজুরি নির্ধারন করে মজুরী কমিশন ঘোষণাসহ শ্রমিকদের নিরাপত্তা ও স্ব্যস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানান রব।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রবিবার (১ মে) সকালে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেএসডি নেত্রী তানিয়া ফেরদৌসী, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, আবদুল খালেক, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন, আবুল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে একটি বর্নাঢ্য র্যালী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস