বুধবার, ০৪ মে, ২০১৬, ০২:১০:৫৮

প্রতিউত্তর

প্রতিউত্তর

প্রধানমন্ত্রী ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে ‘বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

বিএনপির পক্ষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া মে দিবসের জনসভায় আমেরিকান আদালতের উদ্ধৃতি দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর পুত্রের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে।  মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা-এফবিআইয়ের একজন এজেন্টকে ঘুষ দিয়ে এক প্রবাসী বাংলাদেশি তরুণ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর পুত্রের ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করেছেন।

তিনি বলেন, সেখানে দেখা গেছে, সজীব ওয়াজেদ জয়ের একটি অ্যাকাউন্টেই তিনশো মিলিয়ন ডলার তথা আড়াই হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। ব্যক্তিগত অ্যাকাউন্টে এতো টাকা লেনদেন সন্দেহজনক। এই টাকার উৎস কী, তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানতে চেয়েছেন।

রিজভী আরো বলেন, এই ঘটনা শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়াই নয়, বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের মনে প্রশ্ন, জয়ের এই টাকার উৎস কী? এখন এই ঘটনার ব্যাখ্যা ও নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব জয়ের, বেগম খালেদা জিয়ার নয়। তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ যদি বৈধ হয়, তাহলে তা জনসম্মুখে উপস্থাপন করতে সমস্যা না থাকারই কথা। এ নিয়ে সাংবাদিকসহ দেশ-বিদেশের যেকোনো অনুসন্ধানী সংগঠন বা সংস্থাই খোঁজখবর নিতে পারে।

বিএনপির এই নেতা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের পর শেখ হাসিনা তনয় যে বক্তব্য পেশ করেছেন তা এতটাই দুর্বিনীত, রুচি ও শিষ্টাচার বহির্ভূত যে, তাতে রহস্য আরো বেশি ঘনীভূত হয়। অবস্থাদৃষ্টে মনে হয়, চুরির মালের কথা প্রকাশ হয়ে যাওয়াতে জয় সাহেব অস্থির হয়ে পড়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সেলিনা সুলতানা নিশীতা প্রমুখ।
০৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে