শনিবার, ১৪ মে, ২০১৬, ১০:৫২:১৫

প্রতিউত্তর

প্রতিউত্তর

পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়টি জাতিসংঘের মানবাধিকার পরিষদ ও অন্যান্য দেশের কাছে তুলে ধরা হবে। দেশটির ডেইলি পাকিস্তান এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সিনেটে বক্তব্য দেওয়ার সময় সারতাজ আজিজ বলেন, বাংলাদেশে রাজনৈতিক বিরোধী নেতাদের ফাঁসি কার্যকরের ঘটনায় তিনি দুঃখ পেয়েছেন। মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি দাবি করেন, এটি মানবাধিকার লঙ্ঘন এবং ১৯৭৪ সালে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তিরও লঙ্ঘন।

সিনেটের প্রধান রাজা জাফারুল হক বলেন, বাংলাদেশে যেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আর কাউকে ফাঁসি দিতে না পারে, সে জন্য মুসলিম দেশগুলোকে যৌথভাবে কাজ করতে হবে।

এর আগে সিনেট সদস্যরা নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনায় তুরস্ক ঢাকায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়ার খবরকে স্বাগত জানান। এমনকি এ বিষয়ে পাকিস্তানেরও এমন শক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে উল্লেখ করেন তারা।
১৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে