শুধু আসলাম চৌধুরীকে নয়, বিএনপির অন্যান্য নেতা এবং প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রিমান্ডে নেয়ার দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বিএনপিকে মুসলিম জাহানের শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি এখন আর শুধু বাংলাদেশের শত্রু নয় তারা সমস্ত মুসলিম জাহানের শত্রু ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিএনপি’র যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের মধ্য দিয়ে খালেদার থলের বিড়াল বেরিয়ে এসেছে।
২০ দলীয় জোটে থাকা সমস্ত ইসলামী দলগুলোকে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ আরো বলেন, আপনারা দয়া করে অতিসত্তর মুসলিম জাহানের শত্রু বিএনপিকে ত্যাগ করুন। তা না হলে দেশের সাধারণ জনগণ বিএনপির মত আপনাদের কেউ ধিক্কার জানাবে।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ইসরাইলের সাথে বিএনপির সম্পর্ক ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে’র প্রতিবাদে এক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। এতে অংশ নিয়ে হাছান মাহমুদ এসব কথা বলেন।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম