সরকার জঙ্গি নিয়ন্ত্রণের নামে ধাপ্পাবাজি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের জঙ্গিবাদ দমন কার্যক্রম নিয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, জঙ্গি নিয়ন্ত্রণের নামে তারা যা বলছে তা চতুরতারই কৌশলমাত্র।
রুহুল কবির রিজভী বলেন, কোন প্রকার অনুসন্ধান ছাড়াই তারা অন্যের উপর দায় চাপাচ্ছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এসব ঘটনায় সরকার জড়িত কিনা?
তিনি বলেন, ধারাবাহিক হত্যাকাণ্ডের কারণে সরকার বেকায়দায় পড়ে নানা কারসাজির আশ্রয় নিচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট প্রদান ওই কারসাজিরই অংশ।
রিজভী বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে জনগণ যখন ক্ষুদ্ধ,
তখন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দিয়ে সরকার দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাচ্ছে।
এখন আইন-শৃঙ্খলা বাহিনীর পরিবারও জঙ্গি হামলার শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জোর করে ক্ষমতায় থাকা সরকারের আত্মতুষ্টির যেন কমতি নেই। অথচ সংসদে এমপিরাও তাদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
০৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম