আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দল বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক শেষ কবর রচনা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, এর আগে আপনি আগুন জ্বালিয়ে দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন। সেদিন গুলশানে খালেদা জিয়া অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। আবার তাকে বাড়ি ফিরে যেতে হয়েছিল। এবারও ১৪ দল নেমেছে, এবার আপনার রাজনৈতিক শেষ কবর রচনা করবে।
নানক বলেন, বেগম খালেদা জিয়া গতকাল অশালীন ও অসভ্য ভাষা ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা টার্গেট কিলিং চালাচ্ছেন। এ বক্তব্যের মাধ্যমে আপনি আসলে আপনাকে আড়াল করার শেষ চেষ্টা করেছেন। আমি বিশ্বাস করি, এ গুপ্তহত্যার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনি আসলে আপনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিচ্ছেন আপনি নিজেই, এটি আপনাকে বুঝতে হবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১৯ জুন ক্ষমতাসীন এই জোটের মানববন্ধনকে সফল করার লক্ষ্যে ওই যৌথসভার আয়োজন করা হয়। সভায় ১৪ দল নেতৃবৃন্দ ছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম