এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর পাংশায় কুড়াপাড়া রেলগেট এলাকায় বেশ কিছু সময় ধরে ঘোরাফিরা করছিলেন আফিয়া জান্নাত মুমু নামে এক কিশোরী। ট্রেন আসতেই ওই কিশোরী ঝাঁপ দেয়। এতে তার দেহ বেশ কিছু দূরে ছিটকে পড়ে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কুড়াপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া জান্নাত মুমুর (১৬) বাবার নাম আব্দুল হাই। সে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে তার নানার বাড়িতে থাকত বলে জানা গেছে। মুমু বিবাহিতা। ৫ মাস আগে প্রেমের সম্পর্কে পাংশা উপজেলার চরআফড়া গ্রামের আকাশ আলীর সঙ্গে তার বিয়ে হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুমু কুড়াপাড়া রেলগেট এলাকায় বেশ কিছু সময় ধরে ঘোরাফিরা করছিল। বেলা ১১টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছলে সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুমুর স্বামী আকাশ আলী গণমাধ্যমকে বলেন, সকালে মুমু আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি কাজে যাওয়ার সময় ফোনটি সঙ্গে নিয়ে যাই। সে কখন বাড়ি থেকে বের হয়েছে তা আমার জানা নেই। পরে জানতে পারি, ট্রেনের ধাক্কায় আমার স্ত্রী মুমু মারা গেছে।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।